ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় একটি কুকুরের কামড়ে নারীসহ ছয়জন আহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে উপজেলার পাইকপাড়া গ্রাম ও কালীগঞ্জ শহরের পুরাতন বাজারের হাটচাঁদনী এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা ও জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন প্রদান করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে নলপাঙ্গা সড়ক হয়ে একটি কালো রঙের কুকুর পাইকপাড়া গ্রামে প্রবেশ করে। সেখানে হঠাৎই পথচারী ও স্থানীয়দের ওপর আক্রমণ চালিয়ে একে একে পাঁচজনকে কামড়ে আহত করে। পরে একই কুকুর কালীগঞ্জ শহরের পুরাতন বাজারের হাটচাঁদনী এলাকায় গিয়ে আবারও হামলা চালায়। এ সময় সেখানে অবস্থানরত ব্যবসায়ী আসুম কাজিকে কামড়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আহত ভ্যানচালক ইসমাইল হোসেন বলেন, ‘আমি ভ্যান নিয়ে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ একটি কুকুর আমার ওপর ঝাঁপিয়ে পড়ে কামড়ে দেয়। একই সময়ে গ্রামের নারীসহ আরও চারজনকে কামড় দেয়।’
আহত ব্যবসায়ী আসুম কাজি জানান, তার বাড়ি উপজেলার দুধরাজপুর গ্রামে। তিনি ব্যবসার কাজে মালামাল কিনতে দুপুরে কালীগঞ্জ শহরে এসেছিলেন। এ সময় কুকুরটি তার ওপর হামলা চালিয়ে হাতের একটি আঙুলের অংশ ছিঁড়ে ফেলে। এছাড়া তার পরিহিত জামা ও প্যান্টও ছিঁড়ে যায়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শিশির কুমার ছানা জানান, কুকুরের কামড়ে আহত ছয়জন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন। তাদের ক্ষতস্থান পরিষ্কার করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। পাশাপাশি পরবর্তী নির্ধারিত সময়ে ভ্যাকসিন গ্রহণের নির্দেশনা দিয়ে চিকিৎসাপত্র প্রদান করা হয়েছে।
https://www.kaabait.com